ATN
শিরোনাম
  •  

কিশোর-কিশোরীদের নিজেকে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

         
কিশোর-কিশোরীদের নিজেকে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

কিশোর-কিশোরীদের নিজেকে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

কিশোর-কিশোরীদের নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “নিজেকে কখনো ছোট ভাববে না। নিজেকে গড়ে তুলতে পারলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের কিশোর-কিশোরীরাই আগামী দিনের বাংলাদেশ। তাদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্ষেত্রে গুণী ব্যক্তিত্ব তৈরি হবে। তাই পড়াশোনা ও খেলাধুলা—দুই ক্ষেত্রেই সমান মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

ছবি
গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মের সাফল্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবাদ পরিবেশন করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মতো আয়োজন দেশের শিশু-কিশোরদের অনুপ্রাণিত করবে এবং গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে স্থান পাবে।

দেশের শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার ধাপে ধাপে বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে। শিক্ষার্থীদের জন্য আরও উন্নত পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ছবি
পরিবেশ সংরক্ষণের বিষয়েও শিশু-কিশোরদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাস্তাঘাট, নদী-খাল বা জলাশয়ে কেউ ময়লা ফেললে তা নিরুৎসাহিত করতে হবে এবং সবাইকে পরিচ্ছন্নতা রক্ষায় সচেতন হতে হবে। পাশাপাশি প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান তিনি।

সরকার শিক্ষার্থীদের শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

ছবি
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত কিশোর-কিশোরীদের উদ্দেশে প্রশ্ন রাখেন, “বাংলাদেশকে গড়ে তুলতে কারা আমার সঙ্গে কাজ করবে?” এ সময় হাজারো শিক্ষার্থী হাত তুলে দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করলে তিনি তাদের ধন্যবাদ জানান।

সমাপনী অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগে সিলেট অঞ্চল এবং বালিকা বিভাগে রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হয়। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও চেক তুলে দেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সভাপতিত্বে ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম বক্তব্য দেন। এছাড়া অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ, মীর হেলাল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবি
উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’-এর উদ্বোধন করা হয়। জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার ক্ষুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা রাজধানীর বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ