ATN
শিরোনাম
  •  

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০, নিহতদের মধ্যে ৮ শিশু

         
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০, নিহতদের মধ্যে ৮ শিশু

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০, নিহতদের মধ্যে ৮ শিশু

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাডুনা রাজ্যের একটি গ্রামে সশস্ত্র বন্দুকধারীদের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে কাউরু এলাকার নারিডন গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত আটজন শিশু রয়েছে। এছাড়া চারজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারীরা গ্রামে ঢুকে নির্বিচারে গুলি চালানোর পাশাপাশি একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

গ্রামপ্রধানের সচিব ডোগন রানা জানান, বন্দুকধারীরা হঠাৎ করে গ্রামে প্রবেশ করে বাসিন্দাদের লক্ষ্য করে গুলি চালায় এবং ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে নারী, শিশু ও বৃদ্ধসহ বহু মানুষ প্রাণ হারান।

স্থানীয় যুবনেতা ইশায়া দাওয়া বলেন, হামলাকারীরা মধ্যরাতের দিকে নারিডন গ্রামে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তিনি দাবি করেন, কয়েকজনকে নির্মমভাবে জবাইও করা হয়েছে। নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

হামলার পরপরই গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয়দের অভিযোগ, ঘটনার কয়েক ঘণ্টা পর সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র গ্যাং ও অপরাধী চক্রের সহিংসতা বেড়ে চলেছে। অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম ও আইএসডব্লিউএপির বিদ্রোহ অব্যাহত থাকলেও কাডুনা রাজ্যের এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

কাডুনা রাজ্য পুলিশের মুখপাত্র মনসুর হাসান জানিয়েছেন, হামলার ঘটনায় তদন্ত চলছে এবং শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

সূত্র: রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ