ATN
শিরোনাম
  •  

চোরাবালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দাবি ইরানের

         
চোরাবালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দাবি ইরানের

চোরাবালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান অবস্থাকে ‘চোরাবালি’র সঙ্গে তুলনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি। তিনি দাবি করেছেন, ইরানকে নতজানু করার যে পরিকল্পনা নিয়ে তারা এগিয়েছিল, তা এখন তাদের জন্যই সংকট তৈরি করেছে।

সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বাঘায়ি বলেন, যুদ্ধ কিংবা শান্তির পথ নির্ধারণের সিদ্ধান্ত এখন আর ওয়াশিংটন এককভাবে নিতে পারবে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের সময় শেষের দিকে।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বাঘায়ি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক অবস্থানকে চোরাবালির সঙ্গে তুলনা করে মন্তব্য করেন। তার দাবি, ইরানকে দুর্বল করার যে লক্ষ্য নিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল, সেটিই এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান মনে করছে, দ্রুত সময়ের মধ্যে দেশটিকে পরাজিত করার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়ালেও পরিস্থিতি এখন ভিন্ন দিকে মোড় নিয়েছে। তবে এসব দাবি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ফার্স নিউজের বরাতে জানা যায়, বাঘায়ি বলেছেন, ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও কঠোর অবস্থানের কথা জানিয়েছে তেহরান। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, কিছু প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ড যুক্তরাষ্ট্রের ব্যবহারের সুযোগ দিচ্ছে, যা ইরানের দৃষ্টিতে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।

এদিকে ইউক্রেনের সাম্প্রতিক হামলারও সমালোচনা করেছে ইরান। দেশটির দাবি, ইরানি জাহাজে হামলার ঘটনা আন্তর্জাতিক অস্থিরতা বাড়াচ্ছে। বাঘায়ি এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেন এবং ইরান নিজেদের প্রতিরক্ষায় প্রস্তুত রয়েছে বলে জানান।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ