ATN
শিরোনাম
  •  

আমেরিকার আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

         
আমেরিকার আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

আমেরিকার আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ মুক্তির আগেই বাংলাদেশি দর্শকদের জন্য আসছে সুখবর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে ৩১ জুলাই মুক্তি পেলেও এক দিন আগে, ৩০ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।

দেশের অন্যতম বৃহৎ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, তাদের সব শাখায় ৩০ জুলাই থেকে প্রদর্শিত হবে হলিউডের এই আলোচিত সিনেমা।

‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। এতে আবারও পিটার পার্কার ওরফে স্পাইডার-ম্যান চরিত্রে ফিরেছেন টম হল্যান্ড। তার সঙ্গে থাকছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালনসহ আগের পরিচিত মুখেরা। পাশাপাশি সিনেমাটিতে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন অভিনয়শিল্পী।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পরের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় পিটারের জীবনে আসছে নতুন অধ্যায়। আগের ঘটনার পর এমজে তার জীবনকে নতুনভাবে এগিয়ে নিয়েছে। ‘আসোকা’খ্যাত ইমান এসফান্দি অভিনয় করছেন এমজের নতুন প্রেমিক চরিত্রে। এছাড়া ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত সেডি সিঙ্ককে দেখা যাবে রহস্যময় এক চরিত্রে।

সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হলো জন বার্নথালের প্রত্যাবর্তন। জনপ্রিয় সিরিজ ‘ডেয়ারডেভিল’-এ ফ্র্যাঙ্ক ক্যাসেল বা ‘দ্য পানিশার’ চরিত্রে পরিচিত এই অভিনেতা আবারও বড় পর্দায় ফিরছেন এই সিনেমার মাধ্যমে।

শুধু গল্প ও অভিনয় নয়, প্রযুক্তিগত দিক থেকেও সিনেমাটি বিশেষ আলোচনায় রয়েছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তির আওতায় নির্মিত প্রথম সিনেমা। এই প্রযুক্তির মাধ্যমে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, যা দর্শকদের ২৭০ ডিগ্রি প্যানোরামিক অভিজ্ঞতা দেয়।

‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর পর পিটার পার্কারের নতুন যাত্রা দেখতে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বাংলাদেশি দর্শকরাও এবার বিশ্ব মুক্তির আগেই উপভোগ করতে পারবেন মার্ভেলের এই নতুন অ্যাডভেঞ্চার।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ