ATN
শিরোনাম
  •  

আতিফ আসলামের কনসার্টে অনিয়ম: আয়োজক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির উদ্যোগ

         
আতিফ আসলামের কনসার্টে অনিয়ম: আয়োজক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির উদ্যোগ

আতিফ আসলামের কনসার্টে অনিয়ম: আয়োজক প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্তির উদ্যোগ

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন ঘিরে নিয়ম ভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা-২ শাখা থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো এক জরুরি চিঠিতে আয়োজক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং কালো তালিকাভুক্তির (ব্ল্যাকলিস্ট) বিষয়টি বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা-২ শাখার উপসচিব ইসরাত জাহানের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, রাজধানীর খিলক্ষেত সংলগ্ন পূর্বাচল এক্সপ্রেসওয়ের ‘ক্রিকেটার্স একাডেমি’ ভেন্যুতে ২৪ জুলাই সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে আয়োজক প্রতিষ্ঠান কোনো পূর্বানুমোদন ছাড়াই হঠাৎ করে অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে।

চিঠিতে উল্লেখ করা হয়, অনুমোদিত শর্ত ভঙ্গ করে ভেন্যু পরিবর্তনের কারণে অনুষ্ঠানস্থলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় বিদেশি শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে।

এ ছাড়া অনুষ্ঠানে আগত দর্শকদের জন্য প্রয়োজনীয় নাগরিক সুবিধার ঘাটতি এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। পরে বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে আরও বলা হয়, এ ধরনের অব্যবস্থাপনা ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট আয়োজক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

চিঠির অনুলিপি বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), পুলিশের বিশেষ শাখা (এসবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ