ATN
শিরোনাম
  •  

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকের আন্তর্জাতিক দরপত্র, বিনিয়োগকারীদের জন্য বড় ছাড়

         
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকের আন্তর্জাতিক দরপত্র, বিনিয়োগকারীদের জন্য বড় ছাড়

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে ২৬ ব্লকের আন্তর্জাতিক দরপত্র, বিনিয়োগকারীদের জন্য বড় ছাড়

বঙ্গোপসাগরে তেল ও গ্যাসের নতুন মজুত অনুসন্ধানে বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। গভীর ও অগভীর সমুদ্রের মোট ২৬টি ব্লকে অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে পেট্রোবাংলা। এর মধ্যে ১১টি অগভীর সমুদ্রের এবং ১৫টি গভীর সমুদ্রের ব্লক রয়েছে।

পেট্রোবাংলার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিদেশি ও দেশীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বেশ কিছু সুবিধাজনক প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, অনুসন্ধানকারী কোম্পানিগুলোর জন্য কোনো সিগনেচার বোনাস বা রয়্যালটির বিধান রাখা হয়নি।

দরপত্রের প্রস্তাবে বলা হয়েছে, অনুসন্ধান ও উত্তোলনে কোম্পানিগুলোর বিনিয়োগ করা অর্থ ধাপে ধাপে তুলে নেওয়ার সুযোগ থাকবে। উৎপাদিত গ্যাসের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত প্রতি বছর ব্যয় পুনরুদ্ধারে ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের জ্বালানি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে। অগভীর সমুদ্রের ব্লকের জন্য গ্যাসের মূল্য নির্ধারণ করা হবে ব্রেন্ট ক্রুড তেলের দামের ১০ দশমিক ৫ শতাংশ হারে। আর গভীর সমুদ্রের ব্লকের ক্ষেত্রে এই হার হবে ১১ শতাংশ।

এছাড়া, অনুসন্ধানকারী কোম্পানিগুলো তাদের অংশের গ্যাস দেশের বাজারে বিক্রি করার পাশাপাশি প্রয়োজন হলে দেশের বাইরেও রপ্তানি করার সুযোগ পাবে।

বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও কিছু সুবিধার কথা জানিয়েছে পেট্রোবাংলা। এর মধ্যে রয়েছে—বিদেশি কোম্পানির করপোরেট আয়কর পেট্রোবাংলার পক্ষ থেকে পরিশোধের ব্যবস্থা এবং তেল-গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা। পাশাপাশি কোম্পানিগুলো তাদের অর্জিত মুনাফা সরাসরি বিদেশে স্থানান্তরের সুযোগ পাবে।

পেট্রোবাংলা জানিয়েছে, আগ্রহী বিনিয়োগকারীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬ সালের মধ্যে দরপত্র জমা দিতে হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্লকগুলোর তথ্য প্যাকেজ বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে বঙ্গোপসাগরে নতুন জ্বালানি সম্পদের সন্ধান মিলবে এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ