ATN
শিরোনাম
  •  

শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

         
শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স প্রায় দেড় মাস পর পুনর্বহাল করেছে সরকার। একই সঙ্গে হাসপাতালটিকে শর্তসাপেক্ষে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হলে কর্তৃপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে। আপিলের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

তবে পুনরায় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে হাসপাতালটির ওপর কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা।

এ ছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন করা হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে সতর্ক করা হয়েছে।

এর আগে নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির কার্যক্রম ও লাইসেন্স নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ব্যবস্থা গ্রহণ করেছিল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ