ATN
শিরোনাম
  •  

খাগড়াছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারীদের গোলাগুলি, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

         
খাগড়াছড়ি সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারীদের গোলাগুলি, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

চারটি অবৈধ অস্ত্র, ১৪ রাউন্ড অ্যামুনিশন, পাঁচ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি।

খাগড়াছড়ির যামিনীপাড়া সীমান্তে বিজিবির টহল দলের সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও ঘটনাস্থল থেকে চারটি অবৈধ অস্ত্র, ১৪ রাউন্ড অ্যামুনিশন, পাঁচ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (২৭ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সিংহপাড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র চোরাকারবারী দল আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি ব্যাকপ্যাক উদ্ধার করা হয়।

ব্যাগটি থেকে একটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল, একটি ৯ মিলিমিটার পিস্তল, দুটি ১২ বোর এলজি পিস্তল, ১৪ রাউন্ড অ্যামুনিশন, পাঁচ রাউন্ড এফসিসি এবং ১ হাজার ৬০০ ভারতীয় রুপি জব্দ করা হয়।

এরপর জব্দ করা অস্ত্র ও অন্যান্য সামগ্রী ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে সশস্ত্র চোরাকারবারীরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানায় বাহিনীটি। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গুলিবিনিময়ের পর চোরাকারবারীরা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্তে অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ