ATN
শিরোনাম
  •  

মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর উদ্বোধন

         
মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর উদ্বোধন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি আজ রবিবার সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এবারের ১ম পর্বের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনা করা হবে।

পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি সশস্ত্র বাহিনী তথা বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সদস্যসহ সকল বীর সেনানীর আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

ছবি
এছাড়া পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।

পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সর্বোপরি দায়িত্ব পালনের উপযুক্ততার ভিত্তিতে মূল্যায়নের জন্য নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা রক্ষা এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই অবদানের জন্য তিনি সেনাপ্রধান থেকে শুরু করে সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

ছবি
অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। শত ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদের উদ্বোধন করায় সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য লিপিবদ্ধ করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ