ATN
শিরোনাম
  •  

‘পোকার’ বিতর্কের মাঝেই জোড়া গোলে নেইমারের জবাব, সান্তোসকে ড্র উপহার

         
‘পোকার’ বিতর্কের মাঝেই জোড়া গোলে নেইমারের জবাব, সান্তোসকে ড্র উপহার

‘পোকার’ বিতর্কের মাঝেই জোড়া গোলে নেইমারের জবাব, সান্তোসকে ড্র উপহার

বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়, অবসরের ইঙ্গিতপূর্ণ বার্তা এবং ‘পোকার’ খেলা নিয়ে টানা সমালোচনার মধ্যেই মাঠে দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সান্তোসের জার্সিতে ব্রাজিলেইরো সিরি ‘এ’-তে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে জোড়া গোল করে দলকে ২-২ ব্যবধানে ড্র এনে দেন তিনি।

আজ রোববারের ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন নেইমার। বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে বদলি হিসেবে নেমে মোটে ৩৫ মিনিট খেলার সুযোগ পাওয়া এই ফরোয়ার্ডের জন্য এটি ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ ম্যাচ।

ম্যাচের ৩৬ মিনিটে সতীর্থের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর প্রতিপক্ষের বক্সে ঢুকে আলতো শটে প্রথম গোল করেন নেইমার। গোল উদযাপনের সময় তিনি হাতের ভঙ্গিতে ‘পোকার’ খেলার ইঙ্গিত দেন, যা সাম্প্রতিক বিতর্কের দিকেই ইশারা হিসেবে দেখা হচ্ছে।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় চ্যাপেকোয়েন্স। ৫১ ও ৬২ মিনিটে দুটি গোল করে তারা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের শেষদিকে পেনাল্টি পায় সান্তোস। ৮৯ মিনিটে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করে ২-২ সমতা ফেরান নেইমার এবং দলকে হার এড়ান।

সম্প্রতি বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি বার্তা দেন, যা তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নতুন করে জল্পনার জন্ম দেয়। অনেকের ধারণা, এটি হতে পারে তার শেষ বিশ্বকাপের ইঙ্গিত, যদিও জাতীয় দল থেকে অবসর নেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট কিছু জানাননি।

বিশ্বকাপের পর নিউইয়র্কে একটি পোকার টুর্নামেন্টে অংশ নেন নেইমার। পরে দেশে ফিরে সাও পাওলোতেও আরেকটি পোকার প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। সমালোচনার জবাবে নেইমার বলেন, অনুশীলন বাদ দিয়ে তিনি কোথাও যাননি এবং ছুটির সময় ব্যক্তিগতভাবে কী করবেন, তা নিয়ে অযথা বিতর্ক করা হচ্ছে।

গণমাধ্যমকে তিনি বলেন, “আমি সকালে অনুশীলন করেছি এবং দ্বিতীয় সেশনের প্রস্তুতি নিচ্ছিলাম। তখন শুনলাম অনেকে আমার পোকার খেলা নিয়ে কথা বলছে। আমার তখন ছুটি ছিল। মানুষ কথা বলবেই। আমি অনুশীলনের প্রস্তুতি নিচ্ছি। আমি কি অনুশীলন করতে পারব, নাকি তোমরা এভাবেই পেছনে লেগে থাকবে? নিজেদের জীবন নিয়ে ভাবো।”

বিতর্কের মধ্যেও মাঠের পারফরম্যান্সে নেইমার যে এখনও নিজের সামর্থ্যের ঝলক দেখাতে পারেন, চ্যাপেকোয়েন্সের বিপক্ষে জোড়া গোল করে সেটিই আবারও প্রমাণ করলেন এই ব্রাজিলিয়ান তারকা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ