ATN
শিরোনাম
  •  

থানচির সাঙ্গু নদীতে নৌকাডুবি: ৬ পর্যটক জীবিত উদ্ধার, নিখোঁজ ১

         
থানচির সাঙ্গু নদীতে নৌকাডুবি: ৬ পর্যটক জীবিত উদ্ধার, নিখোঁজ ১

থানচির সাঙ্গু নদীতে নৌকাডুবি

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকা ডুবির ঘটনায় ৬ জনকে জীবিত উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিখোঁজ এক পর্যটককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধীন টেন্ডুমুখ বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের কারণে ৭ জন আরোহীসহ একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়।

ঘটনার পর রেমাক্রি থেকে থানচিগামী বিজিবির একটি টহলদল তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। পরে ৪ জন পর্যটক, নৌকার মাঝি ও ট্যুরিস্ট গাইডসহ মোট ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় একজন পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পর্যটকের নাম মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪)। তিনি ময়মনসিংহের মাসকান্দা গ্রামের মো. হেলাল উদ্দিন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।

বিজিবি জানায়, নিখোঁজ পর্যটককে উদ্ধারে ৪টি বিশেষ টহলদল সাঙ্গু নদীতে অভিযান পরিচালনা করছে। স্থানীয় জনপ্রতিনিধি, নৌকার মাঝি, ট্যুরিস্ট গাইড ও স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছেন।

উদ্ধার অভিযান আরও জোরদার করতে থানচি ফায়ার সার্ভিসকে যুক্ত করা হয়েছে। তবে স্থানীয় ইউনিটে ডুবুরি না থাকায় নদীর তলদেশে অনুসন্ধান চালানো সম্ভব হয়নি। এ কারণে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। দলটি পৌঁছানোর পর নদীর তলদেশে অনুসন্ধান কার্যক্রম শুরু করা হবে।

বিজিবি জানিয়েছে, নিখোঁজ পর্যটককে উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ