ATN
শিরোনাম
  •  

সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

         
সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী

মন্ত্রী মো. আসাদুজ্জামান

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদের অধিবেশনেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের প্রয়োজন নেই।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২৪ অক্টোবর পর্যন্ত সাংবিধানিক সময় রয়েছে। তাই বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। সময় হলেই এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সম্ভাব্য মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, এ বিষয়ে এখনই কিছু বলা সমীচীন হবে না।

আইনমন্ত্রী আরও জানান, আগামী মন্ত্রিসভার বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ এবং গুম প্রতিরোধবিষয়ক অধ্যাদেশ উপস্থাপন করা হবে। সেখানে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারে সরকার কাজ করছে। তবে রাজনৈতিক বিবেচনায় হলেও ধর্ষণসংক্রান্ত কোনো মামলা প্রত্যাহার করা হবে না।

বর্তমানে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শূন্যের কোটায় রয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, যত বড় রাজনৈতিক নেতাই হোন না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহারের সুযোগ থাকবে না।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে সংবিধানের বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ