ATN
শিরোনাম
  •  

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

         
মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন সামন্তা বিওপি এলাকার সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন গেট দিয়ে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, প্রতিপক্ষ ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি বিজিবির টহলদলের নজরে আসার সঙ্গে সঙ্গে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিয়ে তাদের প্রবেশে বাধা দেন।

বিজিবির দৃঢ় অবস্থানের ফলে বিএসএফের পুশ-ইনের প্রচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ৬ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ