ATN
শিরোনাম
  •  

আন্দোলনের মধ্যেই ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ

         
আন্দোলনের মধ্যেই ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদত্যাগ

প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। ফাইল ছবি

ভারতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। শুক্রবার তিনি পদত্যাগ করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

রাষ্ট্রপতি ভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শক্রমে ভারতের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৭৫(২) অনুযায়ী রবনীত সিং বিট্টুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই এ পদত্যাগের ঘটনা ঘটেছে। তবে বিট্টুর পদত্যাগের সঙ্গে ওই আন্দোলনের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে বলে সরকারিভাবে জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন রবনীত সিং বিট্টু। সম্প্রতি তিনি নিজেও পাঞ্জাবের রাজনীতিতে সক্রিয়ভাবে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন।

বিট্টুর রাজ্যসভার মেয়াদ গত ২১ জুন শেষ হয়। একই কারণে আরেক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ানও গত জুনে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন। তাদের কাউকেই নতুন করে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয়নি।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আসন্ন বিধানসভা নির্বাচনে লুধিয়ানা (সেন্ট্রাল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিট্টু। পাঞ্জাবে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার কৌশলের অংশ হিসেবেই তাকে রাজ্যের রাজনীতিতে ফিরিয়ে আনা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রবনীত সিং বিট্টু এর আগে তিনবার লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আনন্দপুর সাহিব থেকে একবার এবং লুধিয়ানা আসন থেকে দুইবার নির্বাচিত হন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ