ATN
শিরোনাম
  •  

রাষ্ট্রপতির বিদায়: কাল বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

         
রাষ্ট্রপতির বিদায়: কাল বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর মো. সাহাবুদ্দিন এখন সাবেক রাষ্ট্রপতি। তবে আনুষ্ঠানিক বিদায়ের অংশ হিসেবে তিনি আরও দুই দিন বঙ্গভবনে অবস্থান করছেন। রোববার তিনি রাজধানীর গুলশানে নিজের ফ্ল্যাটে ফিরে যাবেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।

শনিবার বেলা ১২টায় বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী বৈঠকে অংশ নেবেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হওয়ার পর প্রথা অনুযায়ী এ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার বিকেলে সাবেক রাষ্ট্রপতি হাসপাতালে ভর্তি হয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা নাকচ করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম। তিনি জানান, সাহাবুদ্দিন বঙ্গভবনেই অবস্থান করছেন। চিকিৎসার জন্য তিনি এর আগে দুইবার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছিলেন। সম্প্রতি পরীক্ষায় তাঁর অটোনমিক নিউরোপ্যাথি ধরা পড়েছে।

প্রেস সচিব আরও জানান, পদত্যাগের পরও নিয়ম অনুযায়ী আগামী ছয় মাস রাষ্ট্রীয় প্রটোকল সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তিনি বঙ্গভবন ত্যাগ করবেন।

অবসর-পরবর্তী সুবিধা

২০১৬ সালের ‘রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন’ অনুযায়ী, মেয়াদ পূর্ণ করা বা অন্তত ছয় মাস দায়িত্ব পালনকারী সাবেক রাষ্ট্রপতি মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন।

এ ছাড়া তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট, সরকারি নির্ধারিত দাপ্তরিক ব্যয়, সরকারি অনুষ্ঠানে বিনা মূল্যে সরকারি যানবাহন ব্যবহার, বাসভবনে টেলিফোন সংযোগ, মন্ত্রীর সমপরিমাণ চিকিৎসাসুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা পাবেন।

তবে পদত্যাগের পর রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য বিশেষ সাংবিধানিক প্রাধান্য আর বহাল থাকবে না।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ