ATN
শিরোনাম
  •  

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

         
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ কয়েকটি বস্তু উদ্ধার করে সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। এ সময় ঘটনাস্থলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

তিনি জানান, রাত ৭টার পর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা থাকার খবর পেয়ে থানা পুলিশ ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায়। তারা এখন পর্যন্ত অন্তত দুটি বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করেছে। আরও সন্দেহজনক বস্তু থাকায় সেগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করার কার্যক্রম চলমান রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, সন্ধ্যার পর অজ্ঞাত ব্যক্তিরা স্টেশনের নিচে এসব বোমা সদৃশ বস্তু রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে খবর পেয়ে বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এবং সন্দেহজনক বস্তুগুলো নিষ্ক্রিয় করে।

প্রাথমিক তদন্তে উদ্ধার হওয়া দুটি বোমা সদৃশ বস্তুর ভেতরে ডেটোনেটর পাওয়া গেছে। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, সেগুলোতে শক্তিশালী বিস্ফোরক ছিল। তবে এগুলো আসলে কী ধরনের বিস্ফোরক বা বোমা ছিল, নাকি ককটেল—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় মতিঝিল এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ