ATN
শিরোনাম
  •  

অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির ‘জানা নায়গান’

         
অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির ‘জানা নায়গান’

অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির ‘জানা নায়গান’

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ও অভিনয়জীবনের শেষ সিনেমা ‘জানা নায়গান’ মুক্তির আগেই পাইরেসির শিকার হলেও বক্স অফিসে এর প্রভাব খুব একটা পড়েনি। অনলাইনে সিনেমাটির এইচডি প্রিন্ট ছড়িয়ে পড়ার পরও প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক উপস্থিতিতে প্রথম দিনেই দারুণ ব্যবসা করেছে ছবিটি।

গত ২৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে প্রায় ৪১ কোটি রুপি (নেট) আয় করেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১০ কোটিরও বেশি টাকা। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক–এর প্রাথমিক তথ্যমতে, ভারতের প্রায় ১৩ হাজার ৬৭টি শো থেকে এ আয় এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে ছবিটির গ্রস আয় দাঁড়িয়েছে ৪৮ কোটি ২৭ লাখ রুপি। অন্যদিকে আন্তর্জাতিক বাজার থেকে প্রথম দিনে আরও ৩০ কোটি রুপি (গ্রস) আয় করেছে সিনেমাটি। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম দিনের মোট আয় ৭৮ কোটি ২৭ লাখ রুপি।

ভাষাভিত্তিক আয়ের ক্ষেত্রে তামিল সংস্করণই ছিল সবচেয়ে এগিয়ে। প্রথম দিনে শুধু তামিল সংস্করণ থেকেই এসেছে ৩৬ কোটি ৫০ লাখ রুপি। এছাড়া তেলেগু সংস্করণ থেকে ২ কোটি ৭৫ লাখ রুপি এবং হিন্দি সংস্করণ থেকে ১ কোটি ৭৫ লাখ রুপি আয় হয়েছে।

তবে শক্তিশালী সূচনা সত্ত্বেও বিজয়ের আগের কয়েকটি সিনেমার উদ্বোধনী দিনের রেকর্ড ছাড়াতে পারেনি ‘জানা নায়গান’। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘বিস্ট’ প্রথম দিনে ভারতে ৪৯ কোটি ৩০ লাখ রুপি (নেট) আয় করেছিল। এছাড়া ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ (গোট)-এর উদ্বোধনী আয়ও ছিল ‘জানা নায়গান’-এর চেয়ে বেশি।

মুক্তির আগেই সিনেমাটির এইচডি প্রিন্ট অনলাইনে ছড়িয়ে পড়ায় বক্স অফিসে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে প্রথম দিনের আয় ও দর্শক উপস্থিতি সেই শঙ্কাকে অনেকটাই ভুল প্রমাণ করেছে।

পরিচালক এইচ. বিনোদ পরিচালিত ‘জানা নায়গান’ থালাপতি বিজয়ের অভিনয়জীবনের শেষ সিনেমা হিসেবে বিশেষ গুরুত্ব পেয়েছে। মুক্তির আগে থেকেই ছবিটি ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। সেই আগ্রহই প্রথম দিনের বক্স অফিস সংগ্রহে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ