ATN
শিরোনাম
  •  

সড়ক দুর্ঘটনায় নিহত, উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন নিজের ছেলে

         
সড়ক দুর্ঘটনায় নিহত, উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন নিজের ছেলে

সড়ক দুর্ঘটনায় নিহত, উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখেন নিজের ছেলে

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কনস্টেবল মোহাম্মদ সামসুল মিয়া। কিন্তু সেখানে গিয়ে তিনি জানতে পারেন, দুর্ঘটনায় নিহত শিশুটি আর কেউ নয়—তারই নিজের ছেলে। সন্তানের নিথর মরদেহ দেখে মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি। পরে কান্নায় ভেঙে পড়েন ওই পুলিশ সদস্য।

শুক্রবার (২৪ জুলাই) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত কনস্টেবল মোহাম্মদ সামসুল মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলা সদরে। তুহিন গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় ঘুরতে বের হয় তুহিন। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্য সামসুল মিয়া ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন, দুর্ঘটনার শিকার শিশুটি তার নিজের সন্তান। এ দৃশ্য দেখে উপস্থিত সহকর্মী ও স্থানীয় লোকজন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, “সামসুল আমাদের থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার সংবাদ পেয়ে সে ঘটনাস্থলে যায়। পরে জানতে পারে নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।”

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ