ATN
শিরোনাম
  •  

ছেলেকে টিফিন দিয়ে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর ডোবায় মিলল মরদেহ

         
ছেলেকে টিফিন দিয়ে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর ডোবায় মিলল মরদেহ

ছেলেকে টিফিন দিয়ে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর ডোবায় মিলল মরদেহ

জামালপুরের মেলান্দহ উপজেলায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে শহিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পশ্চিম মাহমুদপুর দকলাবন এলাকার হারুন অর রশিদ ইসলামী মাদরাসার পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

নিহত শহিদুল ইসলাম পশ্চিম মাহমুদপুর দকলাবন গ্রামের মৃত সোলাইমান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই সকালে শহিদুল ইসলাম তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহর জন্য হারুন অর রশিদ ইসলামী মাদরাসায় সকালের খাবার পৌঁছে দেন। খাবার দেওয়ার পর টিফিন ক্যারিয়ার নিয়ে মাদরাসার পেছনের রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। এরপর আর তিনি বাড়িতে ফেরেননি।

তবে নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগ করা হয়নি।

শুক্রবার সকালে কয়েকজন শিশু ওই ডোবায় মাছ ধরতে গেলে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার করে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে চিকিৎসার কাগজপত্রও দেখানো হয়েছে।”

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অসুস্থতাজনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ