ATN
শিরোনাম
  •  

বিয়ের দাবিতে ফের প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

         
বিয়ের দাবিতে ফের প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

বিয়ের দাবিতে ফের প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

মাগুরার শালিখা উপজেলার তালখড়ী ইউনিয়নের পিয়ারপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ফের অনশনে বসেছেন এক কলেজছাত্রী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল থেকে তিনি ওই বাড়িতে অবস্থান নেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, অনশনের খবর পেয়ে প্রেমিক ও তার মা বাড়ি ছেড়ে চলে গেছেন।

অনশনরত তরুণী পাশের ছান্দড়া গ্রামের প্রবাসী শাহিনুর মোল্যার মেয়ে। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি সিরাজ উদ্দিন হোসেন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তরুণীর অভিযোগ, পিয়ারপুর গ্রামের প্রবাসী আশরাফের ছেলে সাকিবের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের আশ্বাস দিয়ে সাকিব তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ সময় অন্যত্র তার একাধিক বিয়ের প্রস্তাব ভেঙে যায় এবং অন্য কাউকে বিয়ে করলে তা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, সাকিব তাকে বিভিন্ন স্থানে নিয়ে ঘুরতে গেছেন। এখন বিয়ে করতে অস্বীকৃতি জানালে তার সামনে আত্মহানি ছাড়া কোনো পথ থাকবে না।

তরুণী বলেন, “সে যদি আমাকে বিয়ে না করে, তাহলে আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই।”

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৯ জুলাই একই দাবিতে ওই তরুণী প্রথমবার সাকিবের বাড়িতে অনশনে বসেছিলেন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উদ্যোগে তাকে বুঝিয়ে বাবার বাড়িতে পাঠানো হয়। তবে বিষয়টির কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার আবারও তিনি সাকিবের বাড়িতে এসে অনশন শুরু করেন।

অনশনের খবর ছড়িয়ে পড়লে সাকিবের বাড়িতে উৎসুক নারী-পুরুষের ভিড় জমে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাকিবের ঘরে তালা ঝুলছে। স্থানীয়দের ভাষ্য, অনশনের খবর পেয়ে সাকিব ও তার মা বাড়ি ছেড়ে চলে গেছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে দুজনের সম্পর্কের বিষয়টি স্থানীয়দের জানা। তাই বিষয়টি ঝুলিয়ে না রেখে পারিবারিক, সামাজিক ও আইনগতভাবে দ্রুত সমাধান করা প্রয়োজন।

এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “৯৯৯-এর মাধ্যমে ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ