ATN
শিরোনাম
  •  

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: হাফিজ উদ্দিন আহমদ

         
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে চলমান আলোচনার মধ্যে থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দেশে ফিরে তিনি বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কোনো তথ্য জানা নেই।

আজ শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, তিনি দেশের বাইরে থাকায় এ বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন, “আমি দেশের বাইরে ছিলাম। সুতরাং এখানে কে পদত্যাগ করলো, কী করলো, আমার কিছুই জানা নেই। এখন হয়তো জানতে পারবো।”

রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে স্পিকার বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন এবং এরপর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করে।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, “আপনারা যেরকম শুনেছেন, আমিও সেরকমই শুনেছি। তিনি পদত্যাগ করলে এরপর সংবিধান অনুযায়ী যা করার, তা হবে। তবে এটি এখনো অনুমাননির্ভর বিষয়।”

নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার কারণ ব্যাখ্যা করে স্পিকার জানান, তার ব্যক্তিগত চিকিৎসা ও মেডিকেল চেকআপ শেষ হওয়ায় তিনি পূর্বনির্ধারিত ২৬ জুলাইয়ের পরিবর্তে আগেই দেশে ফিরেছেন।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব স্পিকারের ওপর বর্তাবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদকে তিন মাসের মধ্যে ভোট সম্পন্ন করতে হয়।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে লিখিত ও স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদে রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ রয়েছে। আর ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।

উল্লেখ্য, ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর অষ্টম জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রায় ৭৮ দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ