ATN
শিরোনাম
  •  

বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে প্রাণ গেল দুই জওয়ানের, আহত ১

         
বিএসএফ ক্যাম্পে সহকর্মীর গুলিতে প্রাণ গেল দুই জওয়ানের, আহত ১

বিএসএফ

বাংলাদেশ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি বিএসএফ ক্যাম্পে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনায় দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।

বিএসএফ সূত্র জানায়, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র। তিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা। অভিযোগ, হঠাৎ করেই তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুই বিএসএফ সদস্য নিহত হন এবং একজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন—বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার ৫১ বছর বয়সী অজয় কুমার সিং এবং মহারাষ্ট্রের গড়চিরোলির ৩৭ বছর বয়সী আম্বাদার সুরেশ দারগু।

আহত সদস্য বিকাশ ব্রহ্ম (৪৪) পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মোহান্দা গ্রামের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএসএফ জানায়, নিহত ও আহত তিন সদস্যই ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বাহিনী সূত্রের দাবি, প্রায় এক বছর আগে একই জওয়ান সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগে বিএসএফের অভ্যন্তরীণ আইনে শাস্তি পেয়েছিলেন। কয়েক দিন আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয়। এরপর তাকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই বৃহস্পতিবারের এ ঘটনা ঘটে।

ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, বাহিনীর পক্ষ থেকেও পৃথক বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ঘটনার পর বৈষ্ণবনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার বিস্তারিত কারণ জানা যাবে।

সূত্র: এনডিটিভি

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ