ATN
শিরোনাম
  •  

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট ঘিরে ক্ষোভ প্রকাশ জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর

         
ঢাকায় আতিফ আসলামের কনসার্ট ঘিরে ক্ষোভ প্রকাশ জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর

ঢাকায় আতিফ আসলামের কনসার্ট ঘিরে ক্ষোভ প্রকাশ জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকা সফর ও কনসার্টকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মুহিন খান।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্ট এবং পরে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি মূলত কনসার্টের আয়োজকদের সমালোচনা করেন।

মুহিন খান বলেন, দেশের শিল্পীদের যথাযথ মূল্যায়ন ও সুযোগ নিশ্চিত না করেই বিদেশি শিল্পীদের নিয়ে বড় আয়োজন করা হচ্ছে। তার অভিযোগ, এ ধরনের আয়োজকরা দেশের সংগীতশিল্পীদের স্বার্থ রক্ষায় কার্যকর কোনো ভূমিকা রাখেন না।

ফেসবুক পোস্টে তিনি আতিফ আসলামের বিমানবন্দরে আগমনের একটি ছবি এবং তাকে স্বাগত জানানো এক ব্যক্তির ছবি প্রকাশ করে আয়োজকদের তীব্র সমালোচনা করেন। একই সঙ্গে দেশের শিল্পীদের স্বার্থ রক্ষায় আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

পোস্টে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির প্রসঙ্গও তুলে ধরেন মুহিন খান। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মানুষ দুর্ভোগে থাকলেও এ ধরনের আয়োজন নিয়ে সংশ্লিষ্টদের কোনো উদ্বেগ দেখা যাচ্ছে না। পাশাপাশি তিনি দেশের সংস্কৃতি ও শিল্পীদের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

পরবর্তীতে প্রকাশিত ভিডিও বার্তায় মুহিন দাবি করেন, বিদেশি শিল্পীরা বাংলাদেশে যে সম্মান ও পারিশ্রমিক পান, দেশের শিল্পীরা সেই তুলনায় বঞ্চিত হন। এমনকি কনসার্ট আয়োজনের ব্যবস্থাপনাতেও দেশীয় শিল্পীদের প্রতি বৈষম্য করা হয় বলে অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আগামীকাল (শুক্রবার) ঢাকায় একটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে। তার এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ