ATN
শিরোনাম
  •  

ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রথমবার বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

         
ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রথমবার বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রথমবার বাংলাদেশের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রাচীন চলচ্চিত্র উৎসব Venice International Film Festival-এর ৮৩তম আসরে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা। নির্মাতা রুবাইয়াত হোসেনের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ উৎসবের প্রতিযোগিতামূলক বিভাগ ‘হরাইজনস’ (Orizzonti)-এ নির্বাচিত হয়েছে।

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এবারের উৎসবের নির্বাচিত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হয়। সেখানে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম ঘোষণা করা হয়। হরাইজনস বিভাগে বিশ্বের আরও ১৮টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করবে বাংলাদেশের এই চলচ্চিত্র। এই বিভাগ থেকে সেরা চলচ্চিত্র নির্বাচন করবেন উৎসবের জুরি সদস্যরা।

ঐতিহাসিক এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছবিটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি অসাধারণ এক মুহূর্ত। ভেনিস উৎসবের মতো আন্তর্জাতিক আয়োজনের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া যেকোনো নির্মাতার জন্য বড় অর্জন, একই সঙ্গে এটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বাঁধন জানান, তিনি সিনেমাটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবুও এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে তিনি গর্বিত ও সম্মানিত।

নির্মাতা রুবাইয়াত হোসেন জানান, উৎসবে সিনেমাটি পাঠানোর কিছুদিন পরই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলেন। তবে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই নিশ্চিত হয়েছেন যে, ছবিটি হরাইজনস বিভাগে প্রতিযোগিতা করবে।

ভেনিস উৎসবের হরাইজনস বিভাগে সাধারণত নতুন ভাবনা, ভিন্নধর্মী চলচ্চিত্র ভাষা ও উদ্ভাবনী গল্পের সিনেমাগুলোকে গুরুত্ব দেওয়া হয়। তাই এই বিভাগে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নির্বাচন বাংলাদেশের চলচ্চিত্রের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। তার সঙ্গে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া ছবিতে রয়েছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারীসহ আরও অনেকে।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগে এই প্রথম কোনো সিনেমার নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ