ATN
শিরোনাম
  •  

আর্জেন্টিনায় শুরু হচ্ছে নতুন যুগ, ২০৩০ বিশ্বকাপের পথে বিদায় নেবেন যেসব তারকা

         
আর্জেন্টিনায় শুরু হচ্ছে নতুন যুগ, ২০৩০ বিশ্বকাপের পথে বিদায় নেবেন যেসব তারকা

আর্জেন্টিনায় শুরু হচ্ছে নতুন যুগ, ২০৩০ বিশ্বকাপের পথে বিদায় নেবেন যেসব তারকা

২০২৬ বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। কোচ লিওনেল স্কালোনির ইঙ্গিতেই স্পষ্ট, ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে ধীরে ধীরে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চায় আলবিসেলেস্তেরা। ফলে দীর্ঘদিন দলের সাফল্যের অন্যতম কারিগর কয়েকজন অভিজ্ঞ ফুটবলারের জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তি ঘটতে পারে।

সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালে হারের পর নিজের আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি। অন্যদিকে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি আগেই জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপই হবে আর্জেন্টিনার জার্সিতে তার শেষ অফিসিয়াল টুর্নামেন্ট। এর আগে ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দলকে বিদায় জানান আনহেল দি মারিয়া।

এদিকে কোচ স্কালোনিও বছরের শেষ দিকে দায়িত্ব ছাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাকে ধরে রাখতে আগ্রহী। স্কালোনির মতে, মেসি ও ওতামেন্দির মতো নেতৃত্বগুণসম্পন্ন ফুটবলারের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়।

তবে এই পরিবর্তন হঠাৎ নয়, ধাপে ধাপেই হবে। ২৫ থেকে ৩০ বছর বয়সী একঝাঁক তারকা ইতোমধ্যেই দলের মূল ভিত্তি গড়ে তুলেছেন। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্টিনেজ, থিয়াগো আলমাদা ও এজেকিয়েল প্যালাসিওস আগামী বিশ্বকাপ চক্রে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে নিকো গনসালেস, জিওভানি লো চেলসো, রদ্রিগো দি পল, লিয়েন্দ্রো পারেদেস ও নিকোলাস তালিয়াফিকো এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে তাদের ভবিষ্যৎ নির্ভর করবে ক্লাব ও জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্সের ওপর।

একই সঙ্গে ভবিষ্যতের জন্য নতুন মুখদেরও প্রস্তুত করা হচ্ছে। ভ্যালেন্টিন বারকো, নিকো পাজ, জুলিয়ানো সিমিওনে, হোসে ম্যানুয়েল লোপেস, লিও বালের্দি, মার্কোস সেনেসি, মাতিয়াস সুলে, নিকোলাস কাপালদো ও আগুস্তিন গিয়াইয়ের মতো তরুণরা আগামী দিনে জাতীয় দলে নিয়মিত হওয়ার দৌড়ে রয়েছেন।

গোলরক্ষকের অবস্থানেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্টিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার কথা জানিয়েছেন। তিনি অবসর নিলে বা সরে দাঁড়ালে সান্তিয়াগো বেলত্রান, ফাকুন্দো ক্যাম্বেসেস এবং তরুণ সান্তিনো বারবির মতো গোলরক্ষকদের ওপর নজর রাখবে আর্জেন্টিনা।

সব মিলিয়ে ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে নতুন আর্জেন্টিনা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে আলবিসেলেস্তেরা। আগামী কয়েক বছরে সেই রূপান্তরের চিত্র আরও স্পষ্ট হয়ে উঠবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ