ATN
শিরোনাম
  •  

ফাইনাল ঘিরে ‘ষড়যন্ত্র তত্ত্ব’: মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

         
ফাইনাল ঘিরে ‘ষড়যন্ত্র তত্ত্ব’: মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

ফাইনাল ঘিরে ‘ষড়যন্ত্র তত্ত্ব’: মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

ফাইনালে পরাজয়ের পর এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জাতীয় দল, কোচিং স্টাফ এবং সমর্থকদের উদ্দেশে আবেগঘন বক্তব্য দেন। তিনি স্পষ্টভাবে বলেন, ফাইনালকে ঘিরে ছড়ানো বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারে বিশ্বাস না করার আহ্বান জানান।

তাপিয়া স্পেনের কৃতিত্ব স্বীকার করে বলেন, “আমরা স্পেনকে হারাতে পারিনি। তারা আমাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে এবং কোনো অজুহাত ছাড়াই প্রাপ্য জয় অর্জন করেছে। খেলাধুলা আমাদের শেখায়, যেমন বিজয়কে মর্যাদার সঙ্গে গ্রহণ করতে হয়, তেমনি পরাজয়কেও বিনয়ের সঙ্গে মেনে নিতে হয়।”

ফাইনালে হারলেও দলের অর্জনের প্রশংসা করে তিনি বলেন, এই দল পুরো দেশকে আবারও গর্বিত করেছে। টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সমর্থকদের আনন্দ দিয়েছে এবং নিজেদের অন্যতম সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এএফএ সভাপতি আরও বলেন, রানার্সআপ হওয়া আর্জেন্টিনার মতো দলের জন্য কখনোই কাঙ্ক্ষিত নয়। তবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল হিসেবে আর্জেন্টিনা নিজেদের অবস্থান ধরে রেখেছে।

তিনি খেলোয়াড় ও কোচিং স্টাফদের টানা ৫০ দিনের বেশি সময় পরিবারের বাইরে থেকে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের কথাও উল্লেখ করেন। তাপিয়ার ভাষ্য, দেশের জন্য সর্বোচ্চ সাফল্য এনে দিতে সবাই নিরলসভাবে কাজ করেছেন এবং সেই প্রচেষ্টার যথাযথ সম্মান প্রাপ্য।

ড্রেসিংরুমের পরিবেশ ও কথিত ‘ষড়যন্ত্র’ নিয়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনের প্রসঙ্গে তাপিয়া বলেন, “কোনো মিথ্যা বা অপপ্রচারে কান দেবেন না। এসবের উদ্দেশ্য কেবল দলকে অস্থিতিশীল করা এবং যারা আর্জেন্টিনার ফুটবলকে এত কিছু দিয়েছে, তাদের মধ্যে বিভাজন সৃষ্টি করা।”

বার্তার শেষ অংশে তিনি খেলোয়াড়দের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, জাতীয় দলের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা অটুট থাকবে। ভবিষ্যতেও এই দল গর্বের সঙ্গে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ