ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা শুরু ২৭ জুলাই

         
চট্টগ্রামে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা শুরু ২৭ জুলাই

ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে। পরীক্ষার্থীরা পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অবশিষ্ট পরীক্ষায় অংশ নেবেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যেসব বিষয়ের পরীক্ষা দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত হলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত ছিল, সেগুলো পরে নতুন রুটিন প্রকাশ করে নেওয়া হবে।

এর আগে, বন্যা-পরবর্তী পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা এবং সড়ক যোগাযোগব্যবস্থার বিঘ্ন বিবেচনায় নিয়ে গত ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়।

একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষাও স্থগিত করা হয়েছিল।

উল্লেখ্য, গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ