ATN
শিরোনাম
  •  

রাজধানীতে ২৯ মামলার আসামি মিন্টু শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব

         
রাজধানীতে ২৯ মামলার আসামি মিন্টু শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীতে ২৯ মামলার আসামি মিন্টু শেখকে গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকা থেকে একাধিক অস্ত্র মামলাসহ ২৯ মামলার আসামি মো. মিন্টু শেখ ওরফে মিন্টু মিয়া (৪৮)কে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কারওয়ান বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সংস্থাটির দাবি, মিন্টু শেখ রাজধানীর তেজগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিনতাইকারী এবং মাদক ব্যবসায়ী।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

র‌্যাব জানায়, পিসিপিআর যাচাই করে দেখা গেছে, মিন্টু শেখের বিরুদ্ধে মোট ২৯টি মামলা রয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানায় দস্যুতা, গুরুতর আঘাত, ভয়ভীতি প্রদর্শন, হত্যা চেষ্টা, মাদক ও অস্ত্র আইনের ১৬টি মামলা রয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সরকারি কাজে বাধা, হত্যা চেষ্টা, মাদক ও অস্ত্র আইনের আরও সাতটি মামলা রয়েছে।

এ ছাড়া গাজীপুর মহানগরের গাছা থানায় তিনটি, ঢাকা রেলওয়ে থানায় একটি, চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি এবং জামালপুরের বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাসহ তার বিরুদ্ধে মোট ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ