ATN
শিরোনাম
  •  

সাভারে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

         
সাভারে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে আবুল খায়ের পাটোয়ারী (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। চুরির সন্দেহে কয়েক দফায় গণপিটুনির শিকার হয়ে সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানিয়েছেন, আবুল খায়ের মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং গত রোববার তিনি চাঁদপুরের গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে সাভারের উলাইল এলাকায় এক অটোরিকশাচালক তার ছোট ছেলেকে রিকশা পাহারায় রেখে বাসায় খাবার খেতে যান। এ সময় আবুল খায়ের রিকশার কাছে গিয়ে শিশুটিকে বলেন, “দুই দিন ধরে ভাত খাইনি। ভাত নিয়ে আসো।” শিশুটি তার বাবাকে বিষয়টি জানালে তিনি এসে আবুল খায়েরকে রিকশার হ্যান্ডেল ধরে বসে থাকতে দেখেন। এরপরই তাঁকে ‘চোর’ সন্দেহে মারধর শুরু হয়।

স্থানীয়দের দাবি, সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত উলাইল এলাকায় আবুল খায়েরকে কয়েক দফায় পেটানো হয়। পরে তাকে অটোরিকশা মালিক নুরুজ্জামানের গ্যারেজে নিয়ে যাওয়া হয়। সেখানেও অন্য চালকরা মিলে তাকে আবারও মারধর করেন। বেলা ১টার দিকে গ্যারেজ মালিক নুরুজ্জামান আরেকজন চালকের সহায়তায় মুমূর্ষু অবস্থায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে তাঁরা মরদেহ ফেলে পালিয়ে যান।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। সাভার মডেল থানা পুলিশ আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত আবুল খায়ের চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর দাসাদী গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশাচালক সবুজ ওরফে শুভ এবং গ্যারেজ মালিক নুরুজ্জামানকে আটক করেছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতা আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ