ATN
শিরোনাম
  •  

বিশ্বকাপের ক্ষত নিয়ে নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি

         
বিশ্বকাপের ক্ষত নিয়ে নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি

বিশ্বকাপের ক্ষত নিয়ে নিজ শহর রোজারিওতে ফিরলেন লিওনেল মেসি

বিশ্বকাপ মিশন শেষে বিষণ্ণ মনে নিজ দেশ আর্জেন্টিনায় ফিরেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। সোমবার দিবাগত রাতে দলের বেশিরভাগ ফুটবলার দেশে ফিরলেও, মেসি একদিন পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সরাসরি নিজের শহর রোজারিওতে পৌঁছান।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল মেসির আর্জেন্টিনার। ৩৯ বছর বয়সী মেসির সম্ভবত এটিই ছিল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। শিরোপা জিততে না পারলেও টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছেন তিনি। পুরো আসরে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করেছেন এই কিংবদন্তি। তবে ফাইনালের শেষ বাঁশি বাজার পর মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল মেসিকে, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

দেশে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মেসি। রূপার পদক গলায় পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, "এই কষ্টটা অত্যন্ত গভীর এবং এই ক্ষত সারতে অনেক সময় লাগবে।" তবে হতাশার মাঝেও দলের অর্জনকে ছোট করে দেখছেন না তিনি। মেসির মতে, টানা দুটি বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের এক অনন্য সাফল্য এবং এই পরিশ্রমই তাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে নিয়ে এসেছে।

জানা গেছে, রোজারিওতে পরিবারের সঙ্গে কয়েক দিন সময় কাটাবেন মেসি। এরপর তিনি পুনরায় যুক্তরাষ্ট্রে ফিরে তার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন। তবে তিনি কবে ফিরবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মেসির অবসর নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা চললেও সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, বিশ্বকাপ ফাইনালই মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ নয়। অর্থাৎ আর্জেন্টিনার জার্সিতে তাঁকে আবারও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে দলের অন্য সদস্যদের মধ্যে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। এছাড়া মিডফিল্ডার রদ্রিগো দি পল হারের আক্ষেপের পাশাপাশি দল নিয়ে নেতিবাচক সমালোচনা করা ব্যক্তিদের কড়া জবাব দিয়েছেন। এর আগে আর্জেন্টিনা দলের ১৬ জন সদস্য দেশে পৌঁছালে তাঁদের বিপুল সংবর্ধনা জানানো হয়। তখন 'মুচাচো' গানের মাধ্যমে তাঁদের স্বাগত জানান সমর্থকরা।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ