ATN
শিরোনাম
  •  

গাজীপুর আদালতের গারদখানা থেকে পালানো ৩২ মামলার আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

         
গাজীপুর আদালতের গারদখানা থেকে পালানো ৩২ মামলার আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার

৩২ মামলার আসামি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার। ফাইল ছবি

গাজীপুর মহানগর (জিএমপি) আদালতের গারদখানার রিসিভ ডেস্ক থেকে পালিয়ে যাওয়া ৩২টি মামলার আসামি মো. সম্রাট মন্ডলকে (২৮) ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় র‍্যাব-১, সিপিএসসি, গাজীপুর এবং র‍্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।

র‍্যাব জানায়, গত ২০ জুলাই দুপুর ১টা ৫৬ মিনিটে গাজীপুর আদালতের গারদখানার রিসিভ ডেস্কে অন্যান্য আসামিদের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান সম্রাট মন্ডল। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাকতাপাড়া গ্রামের বাসিন্দা এবং বর্তমানে গাজীপুরের গাছা এলাকায় বসবাস করতেন।

এ ঘটনায় জিএমপি সদর থানায় দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বাদী হয়ে দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা করেন। ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে।

র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কাশর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সম্রাট মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, এর আগে গত ১৯ জুলাই রাতে জিএমপি সদর থানার অনুরোধে গাজীপুরের গাছা এলাকার খুনিয়া মধ্যপাড়ার একটি বাসায় অভিযান চালিয়ে সম্রাট মন্ডলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃত সম্রাট মন্ডলকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ