ATN
শিরোনাম
  •  

মাইলস্টোনের দুঃসহ স্মৃতি: এক বছরেও শুকায়নি স্বজনহারার বেদনা

         
মাইলস্টোনের দুঃসহ স্মৃতি: এক বছরেও শুকায়নি স্বজনহারার বেদনা

মাইলস্টোন ট্র্যাজেডি। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হয়েছে। গত বছরের ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আছড়ে পড়ে। ভবনের ভেতরে ঢুকে বিমানটি বিধ্বস্ত হলে মুহূর্তেই নেমে আসে বিভীষিকাময় পরিস্থিতি।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় ৩৫ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে ছিলেন ২৮ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষিকা, তিনজন অভিভাবক এবং প্রতিষ্ঠানের একজন পরিচালক। এছাড়া অগ্নিদগ্ধ হন ১৭২ জন। এক বছর পেরিয়ে গেলেও সেই দিনের ভয়াবহ স্মৃতি এখনো তাড়া করে ফিরছে স্বজনহারা পরিবার, আহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং দেশবাসীকে।

দুর্ঘটনার প্রথম বার্ষিকী উপলক্ষে সোমবার (২০ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। পাশাপাশি আহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সহপাঠীদের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে দিনটি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নিহত ও আহতদের স্মরণে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথম দিনে প্রতিষ্ঠানের ১৬টি শাখায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দিয়াবাড়ি ক্যাম্পাসে আহত শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি আরও জানান, কর্মসূচির দ্বিতীয় দিন মঙ্গলবার দিয়াবাড়ি ক্যাম্পাস ছাড়া প্রতিষ্ঠানের অন্যান্য শাখায় সাধারণ কর্মসূচি পালিত হবে। আর দিয়াবাড়ি ক্যাম্পাসে নিহতদের স্মরণে বিশেষ দুটি আয়োজনের মাধ্যমে দিনটি পালন করা হবে।

এক বছর পরও মাইলস্টোন ট্র্যাজেডি দেশের শিক্ষা অঙ্গনের অন্যতম বেদনাদায়ক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। নিহতদের শোক, আহতদের সংগ্রাম এবং স্বজনহারাদের কান্না এখনো একইভাবে নাড়া দেয় পুরো জাতিকে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ