ATN
শিরোনাম
  •  

ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত, পাল্টা বিমান হামলা যুক্তরাষ্ট্রের

         
ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত, পাল্টা বিমান হামলা যুক্তরাষ্ট্রের

ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত

ইরানের হামলায় জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে দুই মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনা নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম।

সেন্টকম জানায়, আহত চার সেনাকে জর্ডানের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসা শেষে তারা হাসপাতাল ছেড়েছেন। নিহত সেনাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এ হামলার জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শনিবার রাতেই ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। সেন্টকম বলছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করা ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। পাশাপাশি জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথাও জানানো হয়েছে।

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড প্রমাণ করে তাদের প্রতিশ্রুতির কোনো বিশ্বাসযোগ্যতা নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দেন।

অন্যদিকে, জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ইরানের ছোড়া ১০টি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে আইআরজিসি দাবি করেছে, জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে অন্তত দুটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি সেন্টকম।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিশ্বজুড়ে, বিশেষ করে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ