ATN
শিরোনাম
  •  

ভ্যাপসা গরমের মধ্যেই বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

         
ভ্যাপসা গরমের মধ্যেই বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

ভ্যাপসা গরমের মধ্যেই বৃষ্টির আভাস, কোথাও হতে পারে ভারী বর্ষণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম অব্যাহত থাকলেও আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। শুক্রবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ট্রেস পরিমাণ।

এদিকে শুক্রবার রাতের সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের বিচ্ছিন্ন কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেও দিনের বেলায় ভ্যাপসা গরম থেকে খুব বেশি স্বস্তি মিলবে না।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট পরিবেশ ও জলবায়ু সংবাদ


অন্যান্য সংবাদ