ATN
শিরোনাম
  •  

ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি

         
ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি

ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন মেসি

বিশ্বকাপের মেগা ফাইনালের ঠিক আগে স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালের সঙ্গে নিজের সেই বহুল আলোচিত ভাইরাল ছবি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

২০০৭ সালে বার্সেলোনার স্টেডিয়ামে স্থানীয় সংবাদপত্র ‘স্পোর্ট’ ও ইউনিসেফের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য ছবিটি তোলা হয়েছিল। সেখানে দেখা যায়, শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন তরুণ মেসি। প্রায় ১৮ বছর পর, সেই দুই তারকাই এবার মুখোমুখি হচ্ছেন বিশ্বকাপের ফাইনালে—স্পেন বনাম আর্জেন্টিনার মহারণে।

শুক্রবার (১৭ জুলাই) নিউইয়র্কে ফিফার ‘ফ্যানাটিকস ফেস্ট’-এ অংশ নিয়ে মেসি বলেন, “ওই ছবিটা সত্যিই অবিশ্বাস্য। ও যখন একদম ছোট শিশু ছিল, তখন আমি ওর সঙ্গে ছবিটি তুলেছিলাম। আর আজ আমরা দুজনই বিশ্বকাপের ফাইনালে খেলছি—এটা সত্যিই অবিশ্বাস্য।”

ইয়ামালের বর্তমান পারফরম্যান্সের প্রশংসা করে মেসি বলেন, “সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি, কারণ তার সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য। তবে ফাইনালে আমরা অবশ্যই চেষ্টা করব, সে যেন নিজের সেরাটা দেখাতে না পারে। স্পেন দারুণ একটি দল, শুধু লামিন একাই নয়। তবে আমাদেরও নিজস্ব শক্তি ও অস্ত্র রয়েছে।”

১৯ বছর বয়সী ইয়ামালকে ‘বৈশ্বিক তারকা’ হিসেবে উল্লেখ করে মেসি আরও বলেন, “তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। আমি তার জন্য শুভকামনা জানাই। তবে এবার সে যেন চ্যাম্পিয়ন হতে না পারে, সে জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে লড়ব।”

এদিকে, সাধারণ ফুটবলপ্রেমীদের মতোই সেই ভাইরাল ছবি দেখে বিস্মিত হয়েছেন ইয়ামালের স্প্যানিশ সতীর্থ মিকেল মেরিনো। নিজের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “প্রথম যখন ছবিটি দেখি, আমার মনে হয়েছিল এটি বোধহয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, বাস্তব কোনো ছবি নয়।”

মেরিনো আরও বলেন, “ইতিহাসের অন্যতম সেরা দুজন ফুটবলারের—এবং আশা করি ভবিষ্যতের অন্যতম সেরা হিসেবে ইয়ামালের—এমন একটি ছবি থাকা সত্যিই অবিশ্বাস্য। আশা করি এই দুই তারকাকে নিয়ে আমরা একটি দারুণ ও উপভোগ্য বিশ্বকাপ ফাইনাল দেখতে পাব।”

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ