ATN
শিরোনাম
  •  

ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স আর নেই

         
ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স আর নেই

ক্যারিবীয় কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স আর নেই

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড ‘গ্যারি’ সোবার্স আর নেই। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে বিবেচিত এই কিংবদন্তি ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সোবার্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেন। এ সময়ে তিনি ৮ হাজার ৩২ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ২৩৫টি উইকেট।

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলেন সোবার্স। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের এই রেকর্ড টানা ৩৬ বছর অক্ষুণ্ন ছিল।

বাঁহাতি ব্যাটার হিসেবে যেমন ছিলেন অসাধারণ, তেমনি বল হাতেও ছিলেন অনন্য। পেস ও স্পিন—উভয় ধরনের বোলিংয়ে সমান দক্ষতা ছিল তাঁর, যা তাঁকে ক্রিকেট ইতিহাসের অন্যতম বহুমুখী অলরাউন্ডারে পরিণত করে।

১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে অনন্য কীর্তি গড়েন তিনি। সেই রেকর্ড আজও ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় অর্জন হিসেবে বিবেচিত।

ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে ব্রিটিশ রাজমুকুটের পক্ষ থেকে তাঁকে নাইটহুড প্রদান করা হয়। পরবর্তীতে উইজডেন তাঁকে বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত করে।

স্যার গারফিল্ড সোবার্সের মৃত্যুতে বিশ্ব ক্রিকেট হারাল তার ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারকে। তাঁর অসামান্য কীর্তি ও অবদান ক্রিকেটপ্রেমীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ