ATN
শিরোনাম
  •  

বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভেঙে পড়ল মঞ্চ, অল্পের জন্য রক্ষা পেলেন অর্থমন্ত্রী

         
বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভেঙে পড়ল মঞ্চ, অল্পের জন্য রক্ষা পেলেন অর্থমন্ত্রী

বন্যার্তদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভেঙে পড়ল মঞ্চ, অল্পের জন্য রক্ষা পেলেন অর্থমন্ত্রী

চট্টগ্রামের চন্দনাইশে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ধারণক্ষমতার অতিরিক্ত নেতা-কর্মীর চাপে মূল মঞ্চ হুড়মুড় করে ভেঙে পড়েছে। এ সময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে এ ঘটনায় মন্ত্রীসহ মঞ্চে থাকা কেউ হতাহত হননি।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দোহাজারী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে স্থানীয় বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই মঞ্চে স্থানীয় নেতা-কর্মীদের উপচে পড়া ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অতিরিক্ত মানুষকে মঞ্চ থেকে নেমে যেতে মাইকে কয়েকবার ঘোষণা দেওয়া হলেও অতি-উৎসাহী নেতা-কর্মীরা তা উপেক্ষা করেন।

এরপর অর্থমন্ত্রী মঞ্চে এসে আসন গ্রহণ করলে তার সঙ্গে আরও অনেক নেতা-কর্মী একযোগে মঞ্চে ওঠেন। অতিরিক্ত মানুষের ভার সহ্য করতে না পেরে মুহূর্তের মধ্যে মঞ্চটি ভেঙে পড়ে। এতে অনুষ্ঠানস্থলে আতঙ্ক ও হট্টগোলের সৃষ্টি হলেও কেউ নিচে পড়ে যাননি বা গুরুতর আহত হননি।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর রহমান বলেন, পুরো মঞ্চ ভেঙে যায়নি। মঞ্চে রাখা কয়েকটি টেবিলের পায়া বসে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অর্থমন্ত্রী ভাঙা মঞ্চেই দাঁড়িয়ে উপস্থিত কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দেন এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

দুর্ঘটনার সময় অর্থমন্ত্রীর পাশেই মঞ্চে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। তিনি বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত মানুষ মঞ্চে ওঠার কারণেই এ ঘটনা ঘটেছে।

ইদ্রিস মিয়া বলেন, ‘আমি নিজে মাইকে ঘোষণা দিয়েছিলাম, যাতে মঞ্চে বেশি মানুষ না ওঠে। কিন্তু মানুষের অতিরিক্ত উৎসাহ এবং অতিরিক্ত ভারের কারণেই শেষ পর্যন্ত মঞ্চটি ভেঙে যায়। আল্লাহর রহমতে এ ঘটনায় কেউ হতাহত হননি, এটাই সবচেয়ে বড় স্বস্তি।’

দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও অর্থমন্ত্রীর ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি উপস্থিত অনেকের প্রশংসা কুড়িয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ