ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামের বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

         
চট্টগ্রামের বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত: অর্থমন্ত্রী

আমির খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এরই মধ্যে এক লাখ ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে।

শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বন্যাকবলিত মানুষের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম চলমান রয়েছে এবং সবাইকে পুনর্বাসনের আওতায় না আনা পর্যন্ত সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে মেরামতের কাজ শুরু হয়েছে।

ত্রাণ বিতরণ শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী পতেঙ্গা থেকে চন্দনাইশের উদ্দেশে রওনা হন। পরে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করবেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ