ATN
শিরোনাম
  •  

যে কারণে বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

         
যে কারণে বিশ্বকাপ ফাইনাল দেখতে মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের দ্বারপ্রান্তে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও বিশেষ অতিথিদের উপস্থিত থাকার কথা থাকলেও সেখানে দেখা যাবে না আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে।

লিওনেল মেসিদের শিরোপা লড়াই সরাসরি মাঠে বসে দেখার সুযোগ থাকলেও সেটি ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে যাচ্ছেন তিনি। এর পেছনে রাজনৈতিক বা কূটনৈতিক কোনো কারণ নয়, বরং রয়েছে আর্জেন্টিনার বহুল আলোচিত এক কুসংস্কার।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচই প্রেসিডেন্ট মিলেই রাজধানী বুয়েনস আইরেসে অবস্থিত সরকারি বাসভবন কিন্তা দে অলিভোস থেকে দেখেছেন। ফাইনালেও সেই রুটিন বদলাতে রাজি নন তিনি।

সম্প্রতি বুয়েনস আইরেসভিত্তিক রেডিও স্টেশন এল অবজারভাদর-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিলেই বলেন, সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখার সময় একটি বিশেষ ঘটনার পর থেকেই তিনি একই নিয়ম মেনে চলছেন।

তার ভাষায়, “বাইরে তখন বেশ ঠান্ডা ছিল, কিন্তু আমি হিটার চালাই না। একটি তেল কোম্পানির লোগোযুক্ত জ্যাকেট পরে খেলা দেখছিলাম। গরম লাগায় জ্যাকেট খুলে ফেলতেই সুইজারল্যান্ড গোল করে। সঙ্গে সঙ্গে আবার জ্যাকেটটি পরে নিই এবং সিদ্ধান্ত নিই, ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত আর খুলব না।”

এরপর থেকে একই জ্যাকেট পরে এবং একই জায়গা থেকে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ দেখছেন বলে জানান তিনি।

আর্জেন্টিনার প্রেসিডেন্টদের বিশ্বকাপ ম্যাচে না যাওয়ার এই রীতি নতুন নয়। এর পেছনে রয়েছে দেশটির জনপ্রিয় বিশ্বাস ‘মুফা’, যার অর্থ দুর্ভাগ্য বা অমঙ্গল ডেকে আনা ব্যক্তি।

এই ধারণার সূত্রপাত ১৯৯০ সালের বিশ্বকাপে। সে সময় তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম উদ্বোধনী ম্যাচের আগে জাতীয় দলের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এরপরই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্যামেরুনের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায় আর্জেন্টিনা। সেই ঘটনার পর অনেকেই মেনেমকে ‘মুফা’ হিসেবে আখ্যা দেন। এরপর থেকে দায়িত্বে থাকা কোনো আর্জেন্টাইন প্রেসিডেন্ট আর বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে সশরীরে উপস্থিত হননি।

শুধু প্রেসিডেন্টই নন, আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেও নানা ধরনের কুসংস্কার প্রচলিত। কেউ পুরো টুর্নামেন্টজুড়ে নিজের জার্সি ধোয়া থেকে বিরত থাকেন, আবার কেউ বিশ্বাস করেন, কোনো নির্দিষ্ট মুহূর্তে যে অবস্থানে থাকলে দল গোল করে, পরের ম্যাচগুলোতেও সেই একই রুটিন অনুসরণ করতে হবে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিপক্ষের নাম লেখা কাগজ ফ্রিজে রাখা, নির্দিষ্ট সময়ে প্রার্থনা করা কিংবা প্রতিটি ম্যাচে একই পোশাক পরার মতো নানা রীতিও আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে বেশ পরিচিত।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ