ATN
শিরোনাম
  •  

ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার

         
ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফার

ফিফা

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)।

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর উদযাপনের সময় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস ও বদলি বেঞ্চে থাকা জিওভানি লো সেলসো একটি ব্যানার প্রদর্শন করেন। ব্যানারে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’, যার বাংলা অর্থ ‘মালভিনাস আর্জেন্টিনার’। ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনায় মালভিনাস নামে ডাকা হয়।

ব্যানার হাতে দুই খেলোয়াড়কে সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দেশটির শীর্ষ সরকারি কর্মকর্তারা ফিফার কাছে বিষয়টি তদন্তের দাবি জানান।

ফিফা জানিয়েছে, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।

ফিফার এক মুখপাত্র বলেন, “স্বাধীন শৃঙ্খলা কমিটি ম্যাচ-সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করছে। সংশ্লিষ্ট পরিস্থিতি বিবেচনার পর ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

তবে ব্যানারটি কোথা থেকে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, স্টেডিয়ামে রাজনৈতিক, আদর্শিক, ধর্মীয় বা অন্য কোনো অনুপযুক্ত বার্তা প্রদর্শন নিষিদ্ধ।

এ ধরনের অপরাধে সাধারণত ৫ হাজার থেকে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এদিকে, আগামী রোববার নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে লিসান্দ্রো মার্তিনেস বলেন, “আমরা আর্জেন্টিনার মানুষকে হতাশ করতে পারি না।”

উল্লেখ্য, মার্তিনেস গত চার বছর ধরে ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন। ফলে ফকল্যান্ড ইস্যুকে ঘিরে দুই দেশের রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার আবেগও নতুন করে আলোচনায় এসেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ