ATN
শিরোনাম
  •  

রাজনৈতিক ব্যানার ঘিরে বিতর্ক, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

         
রাজনৈতিক ব্যানার ঘিরে বিতর্ক, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

আর্জেন্টিনা

বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। আটলান্টায় ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর রাজনৈতিক বার্তাসংবলিত একটি ব্যানার নিয়ে উদযাপন করেন দলের কয়েকজন খেলোয়াড়। ঘটনাটি নিয়ে শাস্তির সম্ভাবনা তৈরি হয়েছে।

সেমিফাইনাল জয়ের পর গ্যালারি থেকে মাঠে নেমে লিসান্দ্রো মার্তিনেজ, জিওভানি লো সেলসো ও নিকোলাস ওতামেন্দিকে একটি ব্যানার হাতে দেখা যায়। ব্যানারটিতে লেখা ছিল, ‘ফকল্যান্ড (মালভিনাস) আর্জেন্টিনার।’ এই বার্তাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর নিয়ম অনুযায়ী, ম্যাচ বা আনুষ্ঠানিক উদযাপনে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত বার্তাসংবলিত পতাকা, ব্যানার কিংবা স্লোগান প্রদর্শন করা নিষিদ্ধ। এ ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিযোগিতার আয়োজক, সংশ্লিষ্ট জাতীয় ফুটবল সংস্থা বা ফিফা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

'ফকল্যান্ড আর্জেন্টিনার' স্লোগানটি ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। দক্ষিণ আটলান্টিকের ওই দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর্জেন্টিনা দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরাজিত হয়।

এর আগেও একই ধরনের ঘটনায় শাস্তি পেয়েছিল আর্জেন্টিনা। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তাসংবলিত ব্যানার নিয়ে ছবি তোলায় দলটিকে ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল।

ব্যানারের পাশাপাশি উদযাপনের সময় ইংল্যান্ডকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগানও দেন আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকেরা। লিসান্দ্রো মার্তিনেজকে একটি বাদ্যযন্ত্র হাতে নিয়ে সতীর্থদের সঙ্গে গান গাইতে দেখা যায়। গ্যালারি থেকেও ইংল্যান্ডকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান শোনা যায়।

এদিকে মাঠের লড়াইয়ে দারুণ প্রত্যাবর্তন করে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। প্রথমে পিছিয়ে পড়লেও শেষ দিকে এনসো ফের্নান্দেস ও লাউতারো মার্তিনেজের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল স্কালোনির দল। দুই গোলেই সহায়তা করেন অধিনায়ক লিওনেল মেসি।

এই জয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই নিউজার্সিতে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ