ATN
শিরোনাম
  •  

শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের

         
শর্ত না মানলে খুলবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা ইরানের

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ইরান। তেহরান জানিয়েছে, ইরানের অধিকার ও নির্ধারিত শর্তের প্রতি সম্মান দেখানো না হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় পুরোপুরি চালু করা হবে না। সাম্প্রতিক সংঘাতের কারণে প্রণালিতে জাহাজ চলাচলও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজের বরাত দিয়ে আনাদোলু জানায়, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, হরমুজ প্রণালি কখনোই সামরিক চাপ বা হামলার মাধ্যমে খোলা সম্ভব নয়। ইরানের জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোই প্রণালিটি স্বাভাবিকভাবে চালুর একমাত্র পথ।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে পূর্ববর্তী সমঝোতার শর্ত মেনে চলতে হবে, ইরানের বিরুদ্ধে বিরূপ কার্যক্রম বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালিতে চলাচলের ক্ষেত্রে তেহরানের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

এদিকে ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের জন্য সম্ভাব্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। কূটনৈতিক উদ্যোগের কথা আলোচনায় থাকলেও দুই পক্ষের পাল্টাপাল্টি সামরিক অভিযান অব্যাহত রয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও জ্বালানি বাজারেও।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ