ATN
শিরোনাম
  •  

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

         
পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ

পাবনার আতাইকুলা এলাকায় লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–পাবনা মহাসড়কের আতাইকুলা থানার সড়াডাঙ্গী আলিম মডেল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঁথিয়া উপজেলার মাহমুদপুর গ্রামের সলিম প্রামাণিকের স্ত্রী বুলু খাতুন (৫৭) এবং পাবনা শহরের উত্তর শালগাড়িয়া এলাকার জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু কেয়া খাতুনের মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্স সাঁথিয়া উপজেলার উদ্দেশে রওনা দেয়। পথে সড়াডাঙ্গী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পাবনাগামী 'পাবনা এক্সপ্রেস' নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক রাজ শেখ এবং মরদেহের সঙ্গে থাকা শিশুটির নানী বুলু খাতুন নিহত হন। এছাড়া অ্যাম্বুলেন্স ও বাসে থাকা আরও কয়েকজন আহত হন।

খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি শিশুর মরদেহ নিয়ে তার স্বজনরা সাঁথিয়ায় ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সচালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, নিহত দুইজনের মরদেহ এবং অ্যাম্বুলেন্সে থাকা শিশুর মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও বাস জব্দ করে থানায় নেওয়া হয়েছে।


রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ