ATN
শিরোনাম
  •  

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানল ইরানি ড্রোন

         
কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানল ইরানি ড্রোন

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানল ইরানি ড্রোন

কুয়েতের মিনা আব্দুল্লাহতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি লজিস্টিক ও সাপোর্ট সেন্টারে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। গতকাল মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আজ বুধবার বলেছে, তাদের ড্রোন গিয়ে মার্কিন ওই সামরিক স্থাপনায় আঘাত হানে।

কুয়েতের রাষ্ট্রয়াত্ত্ব বার্তাসংস্থা কুনা গতকাল রাতে জানায়, ইরানের হামলায় অজ্ঞাত একটি জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। যা সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের সেনারা নিয়ন্ত্রণে এনেছে। কুয়েতের বার্তাসংস্থা যে হামলার কথা জানিয়েছে সেটি মিনা আব্দুল্লাহর ঘটনা কি না তা নিশ্চিত নয়।

বিপ্লবী গার্ড হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে একটি ড্রোন ইতিমধ্যেই পুড়তে থাকা একটি জায়গায় আবার আঘাত হেনেছে।

হরমুজ প্রণালি বন্ধ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপের পর আরও গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের হুঁশিয়ারি দিয়েছে বিপ্লবী গার্ড। বাহিনীটি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ অন্য সব রপ্তানি করিডোরও বন্ধ করে দেওয়া হবে।

বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আঞ্চলিক জ্বালানি রপ্তানির পথ হয় সবার জন্য উন্মুক্ত থাকবে, নয়তো সবার জন্যই বন্ধ করে দেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন, এ হুমকির মাধ্যমে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ব্যবহার করে লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি বন্ধের ইঙ্গিত দিয়েছে ইরান। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আরেকটি ফ্রন্ট তৈরি হতে পারে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ ঝুঁকির মুখে পড়তে পারে।

গুরুত্বপূর্ণ এ প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। এ পথ দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক নৌপরিবহনের একটি উল্লেখযোগ্য অংশ পরিচালিত হয়।

সূত্র: দ্য গার্ডিয়ান

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ