ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামে নানির সঙ্গে গোসল করতে নেমে পুকুরে শিশুর মৃত্যু

         
চট্টগ্রামে নানির সঙ্গে গোসল করতে নেমে পুকুরে শিশুর মৃত্যু

চট্টগ্রামে নানির সঙ্গে গোসল করতে নেমে পুকুরে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাদরাসা থেকে ফিরে নানির সঙ্গে গোসল করতে নেমে পুকুরে ডুবে নাঈমুল ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈমুল ইসলাম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব বাকখালী গ্রামের ইমাম হোসেনের ছেলে। সে সৈদালী নূরানী মডেল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফিরে নানির সঙ্গে গোসল করতে পুকুরে যায় নাঈমুল। গোসল শেষে নানি তাকে ঘরে চলে যেতে বললেও পরিবারের অগোচরে সে আবার পুকুরের কাছে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া শিল্পী বলেন, পানিতে ডুবে যাওয়া অবস্থায় এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

তিনি বলেন, মিরসরাইয়ে উদ্বেগজনক হারে পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

জানতে চাইলে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ