ATN
শিরোনাম
  •  

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারি ইসমায়েল এলফাত

         
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারি ইসমায়েল এলফাত

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালে রেফারি ইসমায়েল এলফাত

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছে ফিফা। হাইভোল্টেজ এই লড়াইয়ে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ রেফারি ইসমায়েল এলফাত।

আগামী ১৬ জুলাই রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এ ম্যাচে এলফাতের সঙ্গে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন তারই স্বদেশি কোরি পার্কার ও কাইল অ্যাটকিনস।

চতুর্থ রেফারি হিসেবে থাকবেন ইতালির মাউরিজিও মারিয়ানি। আর রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন দানিয়েলে বিনদোনি।

মরক্কোয় জন্ম নেওয়া ৪৪ বছর বয়সী ইসমায়েল এলফাত চলতি বিশ্বকাপে ইতোমধ্যে তিনটি ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস-জাপান ও উরুগুয়ে-স্পেন ম্যাচ এবং শেষ ষোলোতে ব্রাজিল-নরওয়ে ম্যাচে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাসকারী এই কর্মকর্তা।

২০১২ সাল থেকে মেজর লিগ সকার (এমএলএস)-এ নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন এলফাত। এমএলএস কাপ ফাইনাল, কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি। এমএলএসে দুইবার বর্ষসেরা রেফারির স্বীকৃতিও পেয়েছেন।

২০১৬ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় অন্তর্ভুক্ত হন এলফাত। ২০২২ সালে কাতার বিশ্বকাপে অভিষেক হয় তার। ওই আসরে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এদিকে চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারিং নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হারের পর রেফারিং নিয়ে অভিযোগ তোলে মিশর। একইভাবে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজয়ের পর রেফারিং নিয়ে প্রশ্ন তোলে সুইজারল্যান্ডও।

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচ কর্মকর্তারা:

রেফারি: ইসমায়েল এলফাত (যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারি-১: কোরি পার্কার (যুক্তরাষ্ট্র)

সহকারী রেফারি-২: কাইল অ্যাটকিনস (যুক্তরাষ্ট্র)

চতুর্থ রেফারি: মাউরিজিও মারিয়ানি (ইতালি)

রিজার্ভ সহকারী রেফারি: দানিয়েলে বিনদোনি (ইতালি)

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ