ATN
শিরোনাম
  •  

মেসির মুখোমুখি হওয়াকে ‘জীবনের সেরা সুযোগ’ বললেন ইংলিশ ফুটবলার

         
মেসির মুখোমুখি হওয়াকে ‘জীবনের সেরা সুযোগ’ বললেন ইংলিশ ফুটবলার

মেসির মুখোমুখি হওয়াকে ‘জীবনের সেরা সুযোগ’ বললেন ইংলিশ ফুটবলার

বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা। আর এই মহারণে ব্যালন ডি’অরজয়ী তারকার মুখোমুখি হওয়ার সুযোগকে জীবনের এক অনন্য অভিজ্ঞতা হিসেবে দেখছেন ইংল্যান্ডের লেফট ব্যাক নিকো ও’রাইলি। তার ভাষায়, এটি যেন ‘জীবনে একবারই পাওয়া ভাগ্য’।

৩৯ বছর বয়সী লিওনেল মেসির ক্যারিয়ারে এটিই প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সুযোগ। ধারণা করা হচ্ছে, এটিই হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে তার শেষ ম্যাচও। ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নিকো ও’রাইলিও ক্লাব কিংবা আন্তর্জাতিক—কোনো পর্যায়েই এর আগে মেসির বিপক্ষে খেলেননি।

বিবিসি রেডিও ৫ লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে ও’রাইলি বলেন, এই ম্যাচের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। লেফট ব্যাক হিসেবে খেললে মেসিকে সামলানোর দায়িত্ব অনেকটাই তার কাঁধে থাকবে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত বলেও জানান।

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করেন মেসি। ওই ম্যাচেই তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের বিশ্বকাপ রেকর্ড স্পর্শ করেন। এরপর চলতি আসরে আরও পাঁচটি গোল করে ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২১-এ উন্নীত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি গোল করে ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে রয়েছেন মেসি।

তবে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড মনে করেন, আর্জেন্টিনার শক্তি শুধু মেসিকে ঘিরেই নয়। কানসাসে ইংল্যান্ডের অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের তিনি বলেন, শৈশব থেকে যার খেলা দেখে বড় হয়েছেন, সেই মেসির বিপক্ষে খেলতে পারা নিঃসন্দেহে বিশেষ অভিজ্ঞতা। কিন্তু আর্জেন্টিনা একটি শক্তিশালী দল, যেখানে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে।

পিকফোর্ড জানান, তাই শুধু মেসিকে আটকে রাখার পরিকল্পনা নয়, বরং আর্জেন্টিনা দলের সামগ্রিক শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ করেই মাঠে নামবে ইংল্যান্ড।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিতব্য এই সেমিফাইনালের বিজয়ী দল আগামী ১৯ জুলাই নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স অথবা স্পেনের। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন।

সূত্র: বিবিসি

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ