ATN
শিরোনাম
  •  

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

         
তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর পাশে সরকার সবসময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নতুন উদ্যোগ গড়ে তোলা সহজ নয়, তবে সরকার সর্বোচ্চ শক্তি দিয়ে উদ্যোক্তাদের সহযোগিতা করবে, যাতে তারা নিজেদের উদ্যোগের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে পারেন।

মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট হলে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা নতুন উদ্যোক্তা কিংবা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের শুধু একটি কথাই বলব—আপনারা যা করতে চাইছেন, সেটি মোটেও সহজ নয়; এটি অত্যন্ত কঠিন। কিন্তু আপনাদের দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে অবশ্যই সফল হতে পারবেন।

তিনি বলেন, উদ্যোক্তাদের নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তবে সরকারের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আমি বলতে পারি, আমরা আপনাদের সঙ্গে আছি—সহযোগিতা করার জন্য, পথ দেখানোর জন্য এবং পাশে দাঁড়ানোর জন্য। কতটুকু পারব, তা জানি না; তবে যতটুকু সম্ভব, সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

তরুণ উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা শুধু নিজেদের ভবিষ্যৎ গড়ছেন না, দেশের লাখো-কোটি মানুষের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের উদ্ভাবনী চিন্তা, উদ্যোগ ও সৃজনশীলতা দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

তিনি বলেন, আপনারা যারা উদ্যোক্তা হয়েছেন বা হতে চাইছেন, এবং নিজেদের কাজের মাধ্যমে মানুষ, সমাজ ও দেশের উপকার করছেন, আপনাদের প্রয়োজন শুধু নিজের জন্য নয়; প্রয়োজন লাখো-কোটি মানুষের জন্য, প্রয়োজন এই দেশের জন্য।

বক্তব্যে নিজের জীবনের সংগ্রামের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে মানসিক ও শারীরিক নির্যাতন, অপমান এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তাকে এগিয়ে আসতে হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে তিনি তরুণদের কঠিন সময়েও হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন উদ্ভাবনী আয়োজন, স্কুলশিক্ষার্থীদের অংশগ্রহণ এবং স্টার্টআপ উদ্যোক্তাদের কার্যক্রম দেখে তার আত্মবিশ্বাস আরও বেড়েছে। তিনি বিশ্বাস করেন, আগামী প্রজন্মই বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করে দেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ