ATN
শিরোনাম
  •  

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

         
মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে ব্যয় বৃদ্ধি ও অনিয়মের অভিযোগ তদন্তে মসজিদভিত্তিক অনুসন্ধানের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে এবং কোথায় কী ধরনের অনিয়ম হয়েছে, তা খতিয়ে দেখা হবে।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রীর পক্ষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

জয়নুল আবদীন ফারুক বলেন, মডেল মসজিদ নির্মাণে প্রতি প্রকল্পের ব্যয় ১৩ কোটি টাকা থেকে বেড়ে ২১ কোটি টাকায় পৌঁছেছে। কিন্তু এত ব্যয়ের পরও অনেক মসজিদ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তিনি তার নির্বাচনী এলাকার একটি মডেল মসজিদের ছাদ চুইয়ে পানি পড়ার অভিযোগ তুলে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মডেল মসজিদ নির্মাণ একটি ভালো উদ্যোগ হলেও প্রকল্পের ব্যয় যৌক্তিক ছিল কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে। কতটি মসজিদ নির্মিত হয়েছে, কোথায় কত অর্থ ব্যয় হয়েছে এবং ব্যয় বৃদ্ধির কারণ কী—এসব বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ভূমিকাও তদন্তের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আগের সরকারের সময় বিভিন্ন প্রকল্পে অর্থ অপচয় ও অনিয়মের অভিযোগ রয়েছে। ইসলামের নামে এবং মসজিদ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তবে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।

এদিকে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে বর্তমানে নিবন্ধিত ওয়াক্ফ সম্পত্তির পরিমাণ ৫ লাখ ৩৭ হাজার ৫৫০ দশমিক ৯৮ একর। এর মধ্যে অবৈধ দখলদারদের কাছ থেকে এখন পর্যন্ত ২৭ দশমিক ৫৩ একর ওয়াক্ফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ