ATN
শিরোনাম
  •  

প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের সংগ্রামের স্বীকৃতি: সরকারি হলো তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়

         
প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের সংগ্রামের স্বীকৃতি: সরকারি হলো তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়

প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের সংগ্রামের স্বীকৃতি: সরকারি হলো তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের দুর্গম থানচি উপজেলার আলোচিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি ঘোষণা করেছে সরকার। এখন থেকে প্রতিষ্ঠানটি ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’ নামে পরিচালিত হবে।

সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-৩ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৩ জুলাই থেকে বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয় সরকারি বিদ্যালয় হিসেবে পরিচালিত হবে। একই সঙ্গে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। তবে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য হবে না।

এর আগে, গত ২৮ জুন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি বিদ্যালয়টির প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেনের ব্যতিক্রমী সংগ্রামের গল্প দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ৫৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। অধিকাংশ শিক্ষার্থীর পরিবার দরিদ্র হওয়ায় নিয়মিত বেতন পরিশোধ সম্ভব হয় না। ফলে দীর্ঘদিন ধরেই শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছিল বিদ্যালয় কর্তৃপক্ষকে।

এই সংকট মোকাবিলায় ছুটির দিনগুলোতে থানচি-তিন্দু-রেমাক্রী নৌপথে ইঞ্জিনচালিত নৌকা চালিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করেন প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন। নৌকা চালিয়ে অর্জিত আয়ের বড় একটি অংশ তিনি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে ব্যয় করেন। শুধু চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসেই নৌকা চালিয়ে তিনি প্রায় ৪০ হাজার টাকা আয় করেন, যার মধ্যে ৩০ হাজার টাকা সহকর্মীদের বেতন হিসেবে প্রদান করেন।

দুর্গম পাহাড়ি এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান টিকিয়ে রাখতে প্রধান শিক্ষকের এই ব্যতিক্রমী উদ্যোগ দেশজুড়ে প্রশংসিত হয়। পরে স্থানীয় প্রশাসন বিদ্যালয়ের জন্য একটি বোটের ব্যবস্থা, নতুন ভবন নির্মাণ এবং ছাত্রাবাস সংস্কারের উদ্যোগ নেয়।

পরবর্তীতে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি বিদ্যালয়টি জাতীয়করণের উদ্যোগ নিতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ